হোয়াটসঅ্যাপের প্রধান পদ ছাড়ছেন উইল ক্যাথকার্ট
দায়িত্ব ছাড়লেও তিনি মেটা পরিবারের সঙ্গেই থাকছেন। জাকারবার্গ জানিয়েছেন, ক্যাথকার্ট এখন মেটার নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করবেন। নিজের বিদায়ী বার্তায় ক্যাথকার্ট বলেন, “হোয়াটসঅ্যাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে, তাই দায়িত্ব হস্তান্তরের জন্য এটিই উপযুক্ত সময়।”
ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহ। ২০১৮ সালে জনপ্রিয় ফিনটেক প্ল্যাটফর্ম ‘ক্রেড’ (CRED) প্রতিষ্ঠা করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কুনাল শাহর উদ্ভাবনী চিন্তা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাকে হোয়াটসঅ্যাপের নেতৃত্বের জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে।
এই নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে মেটা ভারতীয় প্রতিষ্ঠান ক্রেডে ৯০ কোটি ডলার বিনিয়োগ করছে। এই বিশাল বিনিয়োগের ফলে ক্রেড-এর বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলারে।
উল্লেখ্য, ২০১৪ সালে মেটা ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয়। বর্তমানে অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি। কুনাল শাহর নেতৃত্বে হোয়াটসঅ্যাপের আগামী পথচলা কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।
জান্নাত সকালবেলা
|