বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের বিভ্রাট

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় ধরনের বিভ্রাট

প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৪টার দিকে হঠাৎ করেই প্ল্যাটফর্মগুলোর সেবা ব্যাহত হতে শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন।

বিভ্রাটের ফলে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে অ্যাপগুলো ব্যবহার করতে পারছেন না। মূলত সার্ভারে সমস্যার কারণে ফিড বা টাইমলাইন রিফ্রেশ না হওয়া, নতুন ছবি লোড করতে ব্যর্থ হওয়া এবং প্রোফাইল প্রদর্শিত না হওয়ার মতো ত্রুটি দেখা দিচ্ছে। অনেকের ক্ষেত্রে লগইন করতে গেলে সার্ভার সংযোগ ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা এবং যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১০টার দিকে এই সমস্যার সূত্রপাত হয়। যদিও প্ল্যাটফর্মটির সব অংশ পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু অধিকাংশ ব্যবহারকারীই বিভিন্ন অংশে ত্রুটির সম্মুখীন হয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ জুন বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকেও বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সেবার প্রায় এক ঘণ্টা প্ল্যাটফর্মটিতে প্রবেশের সময় ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা বার্তা দেখা গিয়েছিল।

তবে এবারের বিভ্রাটের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কারিগরি ত্রুটি কাটিয়ে দ্রুত সেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন