নোমান মুন্না জয় : জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক সকালবেলা-য় সংবাদ প্রকাশের পর অবশেষে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বাইরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়।
গত ৫ মে দৈনিক সকালবেলা নিউজ পোর্টালে ও পত্রিকায় "রূপগঞ্জ থানায় এসআই নাজিম সিন্ডিকেটের ওপেন হার্ট দুর্নীতি" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটিতে এসআই নাজিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছিল। সংবাদটি প্রকাশের পরপরই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে তোলপাড় সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের দুই দিনের মাথায়, গত ৭ মে পুলিশ সদর দপ্তর থেকে প্রশাসনিক কারণে একটি বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অ্যাডমিন) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহির, বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।
"উল্লেখিত পুলিশ সদস্যকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ১৩-০৫-২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে ছাড়পত্র প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ১৪-০৫-২০২৬ খ্রিষ্টাব্দ হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হয়েছেন মর্মে গণ্য হবেন।"
উল্লেখ্য, রূপগঞ্জে কর্মরত থাকাকালীন এসআই নাজিমের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ছিল। সংবাদ প্রকাশের পর দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করায় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।