নরসিংদীর পলাশে শিশু রামিম হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২০ মে) ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পলাশ থানা পুলিশ জানায়, গত ৬ মে গজারিয়া বাজারে শিশু রামিমকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে যায় অভিযুক্ত সবুজ ও তার সহযোগীরা। সেখানে হাওয়া দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ ও মুখে জোর করে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ মে শিশু রামিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বর্বরোচিত ঘটনার পর নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবকের বিরুদ্ধে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আজ ভোরে প্রধান আসামি সবুজ অন্য জেলায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আর্শিনগর রেলস্টেশন এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু হত্যার মতো এমন জঘন্য অপরাধের প্রধান আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
|