শিশু রামিসা হত্যাকাণ্ড: আদালতেই খুনি সোহেল রানার স্বীকারোক্তি

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যাকাণ্ড: আদালতেই খুনি সোহেল রানার স্বীকারোক্তি
অভিযুক্ত সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা রাজধানীর পল্লবীর দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) পাশবিক নির্যাতন ও গলা কেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা।

আজ বুধবার (২০ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত আসামির এই জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর আসামি ও রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করতে সম্মত হন।

তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, গত সোমবার (১৮ মে) সকালে রামিসা বাসা থেকে বের হলে ঘাতক রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ওই ফ্ল্যাটের দরজার সামনে রামিসার জুতো দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে প্রবেশ করতেই শয়নকক্ষে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুমের বালতিতে খণ্ডিত মাথাটি উদ্ধার করেন। পুলিশ জানায়, পাশবিক নির্যাতনের পর অপরাধ আড়াল ও মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রামিসার মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল। এমনকি তার সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করে দুই হাত কাঁধ থেকে আংশিক কেটে ফেলা হয়। এই নৃশংসতা চালিয়ে ঘাতক রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে রানা নিজের এই জঘন্য অপরাধের কথা পুরোপুরি স্বীকার করেছেন।

মন্তব্য করুন