নেত্রকোণায় মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার চল্লিশা বাজার কেন্দ্রীয় হাফিজিয়া মাদরাসায় ফজরের নামাজের পর উচ্চস্বরে সূরা ইয়াসিন তিলাওয়াতকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। চল্লিশা বাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ সদলবলে এ হামলার ঘটনায় নেতৃত্ব দেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযুক্তদের হামলায় মাদরাসার শিক্ষক হাফেজ সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন নিরীহ শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বর্তমানে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো ওই যৌথ বিবৃতিতে আলেম নেতারা বলেন, পবিত্র কুরআন তিলাওয়াতকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর আক্রমণ অত্যন্ত নজিরবিহীন ও ধৃষ্টতাপূর্ণ। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান।
এদিকে, ঘটনার খবর পেয়ে নেত্রকোণা সদর হাসপাতালে আহত ছাত্র ও শিক্ষককে দেখতে যান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক মাওলানা শাহ আলমসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার সুব্যবস্থার আশ্বাস দেন।
এআইএল/সকালবেলা