কাবা চত্বরের প্রস্তুতি পরিদর্শন করলেন মক্কার ডেপুটি আমির

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
কাবা চত্বরের প্রস্তুতি পরিদর্শন করলেন মক্কার ডেপুটি আমির

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মাতাফ (কাবা শরিফ প্রদক্ষিণের এলাকা) চত্বরের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন মক্কার ডেপুটি আমির ও হজ-ওমরাহ কমিটির ভাইস চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল।

রোববার (১০ মে) প্রিন্স সৌদ বিন মিশাল মসজিদুল হারামের অপারেশনাল কার্যক্রম ও গ্র্যান্ড মসজিদের তৃতীয় সৌদি সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সৌদি গেজেটের তথ্যমতে, এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ভিড় ব্যবস্থাপনা ও হাজিদের নির্বিঘ্ন চলাচলের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন। হাজিদের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও নিরাপদ করতে হারামাইন কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এরপর ডেপুটি আমির আল-নাওয়ারিয়াহ এলাকায় হজযাত্রী অভ্যর্থনা ও নির্দেশনা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তার সঙ্গে হজ্জ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশাত এবং মক্কার মেয়র মুসায়েদ আল দাউদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভ্যর্থনা কেন্দ্রে প্রিন্স সৌদ ডিজিটাল কন্ট্রোল রুমের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেখানে বড় পর্দার মাধ্যমে আগাম বার্তা কক্ষ থেকে হাজিদের আবাসন, বাসের অবস্থান এবং ট্রাফিক পরিস্থিতি সরাসরি তদারকি করা হচ্ছে। হাজিরা মক্কায় পৌঁছানোর আগেই তাদের সেবা নিশ্চিত করতে এই আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

হাজিদের বাস পরিবর্তনের প্রক্রিয়া এবং অভ্যর্থনা হলের শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সৌদি সরকারের মূল লক্ষ্য হলো, আল্লাহর মেহমানরা যেন কোনো ভোগান্তি ছাড়াই তাদের হজ পালন সম্পন্ন করতে পারেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন