বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। পবিত্র রমজান মাসজুড়ে এই মেলা চলবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় ইসলামি সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন-হাদিসভিত্তিক প্রকাশনা এবং শিশু-কিশোরদের উপযোগী বইসহ বিভিন্ন বৈচিত্র্যময় সংগ্রহ নিয়ে মোট ৬১টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির ও হাদিসগ্রন্থ ছাড়াও ইসলামের ইতিহাসের বিভিন্ন মৌলিক ও গবেষণাধর্মী পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে। দর্শনার্থী ও পাঠকদের জন্য এই মেলা ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার এক অনন্য সুযোগ করে দিয়েছে।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টল। ফাউন্ডেশনের প্রকাশিত সব বইয়ের ওপর পাঠকদের জন্য দেওয়া হচ্ছে ৪০ শতাংশ বিশেষ ছাড়। এছাড়া নির্বাচিত কিছু নির্দিষ্ট বইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, পবিত্র রমজান মাসে এ ধরনের আয়োজন মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি এবং বিশুদ্ধ ধর্মীয় জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন