হজের খুতবায় সবসময় সত্য বলার আহ্বান, বিশ্ব মুসলিমের জন্য বিশেষ দোয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
হজের খুতবায় সবসময় সত্য বলার আহ্বান, বিশ্ব মুসলিমের জন্য বিশেষ দোয়া

অনলাইন ডেস্ক: মক্কা মুকাররমার আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে এবার হজের খুতবা দিয়েছেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। খুতবায় তিনি বিশ্ব মুসলিমকে সবসময় সত্য কথা বলা, মিথ্যা থেকে বিরত থাকা এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে আরাফাতের ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে খুতবা প্রদানকালে শায়খ হুজাইফি বলেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন এবং নিজেদের অঙ্গীকার পূর্ণ করুন।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, তাওহিদের ওপর আমল করা এবং আল্লাহর নির্দশনের সামনে অন্তর কোমল করা মুমিনদের প্রধান বৈশিষ্ট্য। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর সর্বশেষ রাসূল ও খাতামুন নবিয়্যিন হিসেবে উল্লেখ করে তিনি মুসলমানদের প্রতিটি বিপদে ধৈর্যের পথ অবলম্বন করার পরামর্শ দেন।

হজযাত্রীদের উদ্দেশে শায়খ হুজাইফি আরও বলেন, ‘আপনারা সবসময় সত্য কথা বলুন এবং মিথ্যা, বিদআত ও গিবত থেকে দূরে থাকুন। সর্বক্ষণ মাগফেরাতের দোয়া ও আল্লাহর জিকিরে মশগুল থাকুন।’ তিনি সতর্ক করে বলেন, যেসব জাতি অতীতে জুলুম করেছে এবং আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাদের থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই হজের পবিত্র সময়ে সব ধরনের ঝগড়া-বিবাদ এবং মুসলিম উম্মাহর ঐক্যের ক্ষতি করে—এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

খুতবার শেষ অংশে মুসলিম উম্মাহর শান্তি, সহনশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শায়খ হুজাইফি দোয়া করেন, ‘হে আল্লাহ! মুসলমানদের অবস্থার ওপর রহম করুন, গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের আমল কবুল করুন।’ লাখো হাজির ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দানে এই খুতবা পাঠ শেষে তারা জোহর ও আসরের নামাজ একসঙ্গে সংক্ষিপ্ত আকারে আদায় করেন।

সূত্র : আল আরাবিয়া ও অন্যান্য

মন্তব্য করুন