চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১৩৪টি হজ ফ্লাইটে মোট ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। এর মধ্যে ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন। ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন। ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন।
মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইটের মাধ্যমে এই কার্যক্রম সমাপ্ত হবে।