ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: মিসরের কায়রোতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশি কওমি শিক্ষার্থীদের সংগঠন আজহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর উদ্যোগে ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কায়রো ইন্টারন্যাশনাল পার্কে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কওমি ও সমমনা শিক্ষার্থীদের এই মিলনমেলায় শিক্ষার্থী, তাদের পরিবার-পরিজন এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রবাসে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এক বিশাল সামাজিক ও পারিবারিক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে ৪০টিরও বেশি পরিবারসহ নবীন-প্রবীণ শিক্ষার্থী এবং শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহারে অধ্যয়নরত পিএইচডি ও এমফিল গবেষক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। বিকেলের পড়ন্ত আলোয় পার্কের সবুজ চত্বর শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা আর শিশুদের খেলাধুলা ও বেলুন উৎসবে মুখরিত হয়ে ওঠে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আল-আজহারের পিএইচডি ফেলো ও হাটহাজারী মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন আজহারীর দোয়ার মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। ইফতারে খেজুর, জুস, মোরগ পোলাও, কুফতা রাইস ও ভুনা খিচুড়িসহ দেশি-বিদেশি নানা পদের সমাহার ছিল।
সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহুল হক মেরাজী জানান, নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণার পর এটিই ছিল তাদের প্রথম বড় আয়োজন। তিনি বলেন, "সভাপতি ও সংশ্লিষ্ট সবার অক্লান্ত পরিশ্রমে আমরা সফলভাবে এই বিশাল আয়োজন সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।"
খোলা আকাশের নিচে আনন্দ-উচ্ছ্বাস, দোয়া ও সম্মিলিত নামাজের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের এই মিলনমেলা শেষ হয়, যা সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ