সংযম ও রহমতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান

সংযম ও রহমতের বার্তা নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বছর ঘুরে আত্মশুদ্ধি, সংযম ও ক্ষমার বার্তা নিয়ে আবারও শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার ধর্মপ্রাণ মুসলিমরা পালন করছেন প্রথম রোজা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর সারা দেশের মসজিদগুলোতে পবিত্র তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হয় অত্যন্ত বরকতময় এই মাসের আনুষ্ঠানিকতা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসের জন্য সারা বছর ব্যাকুল প্রতীক্ষায় থাকেন মুসলিম উম্মাহ।

পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার এই মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ এর গুরুত্ব ঘোষণা করে বলেছেন, রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েত ও সত্য-মিথ্যা পার্থক্যের নিদর্শন হিসেবে। এই মাসের প্রতিটি নফল কাজের জন্য ফরজের সমান এবং প্রতিটি ভালো কাজের বিনিময়ে সত্তর গুণ বেশি সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা থেকে আনুষ্ঠানিকভাবে রমজানের চাঁদ দেখার খবর ঘোষণা করে দেশবাসীকে এই পবিত্র মাসে সিয়াম পালনের আহ্বান জানানো হয়।

রমজানকে স্বাগত জানিয়ে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্মসচিব দেশবাসীকে পবিত্র রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার উদাত্ত আহ্বান জানান। শোভাযাত্রায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিকে সারা দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিবৃতিতে বলা হয়, মুসল্লিদের সুবিধার্থে প্রথম ছয় দিন দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পড়লে ২৭ রমজান রাতে পবিত্র কোরআন খতম সম্পন্ন হবে।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, রমজানের আত্মসংযমের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ সৃষ্টি হয়। তিনি ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হিংসা-বিদ্বেষ ও ভোগবিলাস পরিহার করে জীবনের সর্বস্তরে ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন