ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী তারকা ও ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে তিনি শাহাদাহ গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর ওকলি নীল সিজার-সু থেকে নিজের নাম পরিবর্তন করে তিনি রেখেছেন ‘আখিল’।
ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সাথে একটি লাইভ চলাকালীন ২৭ বছর বয়সী এই শিল্পী তাঁর এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, এখন থেকে তিনি ‘আখিল’ নামে পরিচিত হতে চান। এর আগে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে জনসমক্ষে খুব একটা কথা না বললেও তাঁর এই হঠাৎ ঘোষণা ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই র্যাপার বর্তমানে বিশ্বসংগীতের এক পরিচিত মুখ। ২০১৪ সালে যাত্রা শুরু করলেও ২০২১ সালের দিকে তিনি ইউকে র্যাপ জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একটি একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ড্রেক এবং জে. কোল-এর মতো বিশ্বসেরা তারকাদের সাথে কাজ করে বর্তমানে তিনি সাফল্যের তুঙ্গে রয়েছেন।
নিজের দ্রুত উত্থান সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "সবকিছু এতো দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আমি এতোদিন ধরে এতো দ্রুত দৌড়াচ্ছি যে এসব নিয়ে ভাবার সময়টুকুও পাইনি।"
পেশাদার জীবনের এই ব্যস্ততার মাঝে তাঁর এই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক পরিবর্তনকে বিশ্বজুড়ে তাঁর অনুসারীরা সাধুবাদ জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনার পাশাপাশি মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ