ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: দিনমজুরের কাজ আর ভাড়ায় অটোভ্যান চালিয়ে কোনোমতে চলত চার সদস্যের সংসার। কিন্তু এক নিমিষেই সব ওলটপালট করে দিল হঠাৎ আসা স্ট্রোক। জীবনসংগ্রামের সেই চাকা আজ থেমে গেছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা শহিদুল আলদার (৪৫) এখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় শয্যাশায়ী।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সকালে ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন শহিদুল। কাজ চলাকালীন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার একটি পা সম্পূর্ণ অচল এবং তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
শহিদুলের স্ত্রী রহিমা বেগম অশ্রুভেজা কণ্ঠে বলেন, "আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র ভরসা। তিনি বিছানায় পড়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার থমকে গেছে। চিকিৎসা তো দূরের কথা, দুবেলা খাবার জোটানোই এখন দায় হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সরকারের কাছে আমার একটাই আকুতি—আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসুন।"
প্রতিবেশী রুস্তম মল্লিক জানান, শহিদুল অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। এলাকাবাসী সামান্য কিছু সাহায্য করলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। বর্তমানে সঠিক চিকিৎসা ও ওষুধের অভাবে তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে।
এমন মানবেতর পরিস্থিতিতে শহিদুলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং পরিবারটিকে বাঁচাতে সমাজকল্যাণ বিভাগসহ সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ