নোবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করলেন উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ আব্দুস সালাম হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে সেহরি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ আব্দুস সালাম হলের ডাইনিংয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে তিনি সেহরি গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রমজানের শুরুতেই শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে এবং হলের পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে উপাচার্য এই অনানুষ্ঠানিক সফরে যান। সেহরির সময় তিনি শিক্ষার্থীদের পাশে বসে খাবার খান এবং তাঁদের পড়াশোনা, হলের খাবারের মান ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলাপ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গণমাধ্যমকে বলেন:“শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। তারা কি খাচ্ছে তা তদারকি করা আমার দায়িত্ব। তাই আমি নিজেই তাদের সঙ্গে খাবার খেয়েছি। খাবারের মান ভালো ছিল আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক অগ্রগতি এবং মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” এ সময় ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্টসহ হল প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। হল প্রশাসন জানায়, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ ও পুষ্টিকর খাবারের মেনু নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির এমন আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, উপাচার্যের সরাসরি অংশগ্রহণ তাঁদের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে এবং তাঁরা উৎসাহিত বোধ করছেন।
উপাচার্য তাঁর বক্তব্যে সবাইকে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ও পজিটিভ ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন