ফের সোহমের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ
বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আবারও মারাত্মক প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এবার হুগলির আরামবাগের বাসিন্দা ও ‘সোনম মুভিজ’-এর কর্ণধার ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী শাহিদ ইমাম ভারতীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ২০২১ সালে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে তিনি সোহমকে বিপুল অর্থ প্রদান করেন। প্রাথমিক অবস্থায় সিনেমাটির নাম ‘মানিকজোড়’ রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ‘পাকা দেখা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সোহম মোটা অঙ্কের অর্থ পান। তবে লভ্যাংশ চাইতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন।
শাহিদ ইমাম আরও অভিযোগ করেন, কলকাতার সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সাথে তাঁর দেখা হলে পাওনা টাকা ফেরত চাওয়া মাত্রই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সে সময় সোহম বিধায়ক থাকায় রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁকে ভয়ভীতি দেখানো হতো বলেও দাবি করেন তিনি। পরবর্তীতে সোহমের সাথে সরাসরি যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনো অর্থ ফেরত দেওয়া সম্ভব নয়, যদিও ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রির টাকা ইতিমধ্যেই সোহমের অ্যাকাউন্টে জমা হয়েছে।
উল্লেখ্য, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এই ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ নতুন নয়। চলতি বছরের জুন মাসেই কৌশিক কর্মকার নামে অপর এক ব্যক্তি ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ ১ কোটি ৫ লাখ রুপি বিনিয়োগের পর প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছিলেন।
পরপর দুটি চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি ও হুমকির অভিযোগ উঠলেও এ বিষয়ে অভিযুক্ত অভিনেতা বা তাঁর মুখপাত্রদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
|