‘২৭ হাজার টাকার শাড়ি মারার জন্য ১৪ বছর কষ্ট করেছি?

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ণ
‘২৭ হাজার টাকার শাড়ি মারার জন্য ১৪ বছর কষ্ট করেছি?

বিনোদন প্রতিবেদক:অনলাইন শপের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে তলব পাওয়ার পর অবশেষে নীরবতা ভেঙে প্রকাশ্যে মুখ খুলেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার নিজের অবস্থান পরিষ্কার করে তিশা জানিয়েছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পুরো বিষয়টি আইনি প্রক্রিয়াতেই মোকাবিলা করবেন।

গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট তাঁকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা চালানো ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরবর্তীতে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ তোলেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে ক্ষোভ প্রকাশ করেন তানজিন তিশা। তিনি প্রশ্ন তুলে বলেন,

“আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর ধরে কষ্ট করে কাজ করছি ভালো-মন্দ মিলিয়ে। আমার কাজের জায়গাটা কিন্তু আমি সততার সঙ্গেই ধরে রেখেছি। আমি কি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য কি এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি?”

পুরুষতান্ত্রিক সমাজে কাজ করার কাঠিন্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন,

“আমার নতুন সিনেমার শুটিংয়ের দ্বিতীয় দিনেই আমি লিগ্যাল নোটিশ পাই। তার কয়েকদিনের মাথায় মামলা। কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা টেনে নিচে নামাতে চায়। আমারও ঠিক একই অনুভূতি হচ্ছে।”

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপাতত বেশি কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। তিনি জানান, আদালতের মাধ্যমে আইনজীবীদের নিয়েই পুরো বিষয়টি আইনি চত্বরে মোকাবিলা করবেন। উল্লেখ্য, ওটিটি ও নাটকে দারুণ সাফল্যের পর সম্প্রতি বড় পর্দায় আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছেন তিশা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ দ্রুতই মুক্তির আলো দেখতে যাচ্ছে।

মন্তব্য করুন