মালদ্বীপে কেয়া পায়েলের সাথে কে এই নতুন তরুণ ?

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
মালদ্বীপে কেয়া পায়েলের সাথে কে এই নতুন তরুণ ?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তরুণের সঙ্গে কেয়া পায়েল। (কোলাজ ছবি)

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েলের একটি বিশেষ টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা শোবিজ অঙ্গনসহ ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবকাশযাপনের সময় এক রহস্যময় তরুণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো দুজনে সমুদ্রের ধারে বসে গভীর গল্পে মেতেছেন, আবার কখনো একটি বিলাসবহুল রেস্টুরেন্টে বসে নিজের হাতে ওই তরুণকে ভালোবেসে খাবার খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় ভক্ত-অনুরাগীদের মনে একটাই প্রশ্ন কেয়া পায়েলের পাশে থাকা এই তরুণ আসলে কে? এবং তাঁর সঙ্গে অভিনেত্রীর বাস্তব সম্পর্কটাই বা কী?

এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’ মেগা ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে ব্যাপক দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন কেয়া পায়েল। নাটকে ‘সামির–মেহরিন’ চরিত্রে তাঁদের পর্দার নিখুঁত রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে, বাস্তব জীবনেও তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। তবে কেয়া পায়েল ও খায়রুল বাশার দুজনই বরাবর সেই গুঞ্জনকে স্রেফ 'ভালো বন্ধুত্ব' বলে উড়িয়ে দিয়েছেন। তবে এবারের মালদ্বীপের ভিডিওটি যেন পেছনের সব গুঞ্জনকে ছাপিয়ে নতুন এক সত্যের দিকে ইঙ্গিত করছে।

অভিনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণের নাম ‘প্রাচুর্য’। দীর্ঘদিন ধরেই কেয়া পায়েলের সঙ্গে তাঁর গভীর পরিচয় ও পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, শুধু এই মালদ্বীপ সফরই নয়, এর আগেও তাঁদের দুজনকে একসঙ্গে যুক্তরাজ্যের (ইউকে) বিভিন্ন দর্শনীয় স্থানে বেশ আনন্দঘন সময় কাটাতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে।

কাজের বাইরে অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের জোরালো দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য স্রেফ বন্ধু নন, বরং তাঁরা দীর্ঘদিন ধরে সিরিয়াস প্রেমের সম্পর্কে রয়েছেন। তাঁদের এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারও খুব ভালোভাবেই জানে এবং অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে। এমনকি দুই পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতে তাঁদের বিয়ের চূড়ান্ত পরিকল্পনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়া এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কেয়া পায়েল বা তাঁর পরিবারের কোনো সদস্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে ঘনিষ্ঠদের ভাষ্য, উপযুক্ত ও সঠিক সময়েই দুই পরিবার আনুষ্ঠানিকভাবে তাঁদের এই সম্পর্ক ও ভবিষ্যৎ বিয়ের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে মালদ্বীপের এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি ফেসবুকে ও টিকটকে ভাইরাল হওয়ার পর সাধারণ ভক্তদের কৌতূহল ও উন্মাদনা আরও বহুগুণ বেড়েছে। অনেকেই নেটদুনিয়ায় মন্তব্য করছেন, দীর্ঘদিনের লুকোচুরির পর এবার কি তবে নিজের আসল ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনতে যাচ্ছেন কেয়া পায়েল? সেই চূড়ান্ত উত্তর ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।

মন্তব্য করুন